আন্তর্জাতিক

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পরামর্শ ভারতীয় কমিটির

৩১ জুলাই ২০২৬
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন ও ভিসা সহজ করার পাশাপাশি শেখ হাসিনাকে ফেরানোর আর্জি খতিয়ে দেখার কথা জানিয়েছে ভারতের সংসদীয় কমিটি।

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর পরামর্শ দিয়েছে ভারতের লোকসভার পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। শশী থারুরের নেতৃত্বাধীন এই কমিটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও জনগণকেন্দ্রিক বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার লোকসভায় পেশ করা পূর্ণাঙ্গ প্রতিবেদনে ১৯৭১ সালের ঐতিহাসিক চেতনা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়।

প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আবেদনের বিষয়টিও উঠে এসেছে। ভারত সরকার সংসদীয় কমিটিকে জানিয়েছে, প্রচলিত আইন ও বিদ্যমান নীতি অনুসারে এই প্রত্যর্পণ প্রস্তাব পর্যবেক্ষণ করছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি চালানোর সুযোগ দেওয়া হয়নি বলেও প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন ও পরবর্তী সময়ে গত ফেব্রুয়ারিতে নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে স্বাগত জানিয়েছে এই স্থায়ী কমিটি। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকারের উপস্থিতি ও নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে তারা। দুই দেশের সম্পর্কের বরফ গলাতে এবং সাধারণ মানুষের যোগাযোগ বাড়াতে জরুরি ভিত্তিতে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার সুপারিশ করেছে কমিটি।

পাশাপাশি, বাংলাদেশে চীনসহ অন্যান্য বৈদেশিক শক্তির প্রভাব বৃদ্ধি এবং ভারতবিরোধী প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লিকে সজাগ থাকার পরামর্শ দিয়েছে এই সংসদীয় দল। কমিটি মনে করে, উভয় দেশের সংসদীয় প্রতিনিধিদলের নিয়মিত সফর ও গঠনমূলক কূটনৈতিক আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশ-ভারত সম্পর্কশেখ হাসিনাভারতের লোকসভাতারেক রহমান