বাইরে ১ হাজার, ভেতরে ১০০: চট্টগ্রামের ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নেওয়া

অগ্রণী ব্যাংক পিএলসির চট্টগ্রামের লালদীঘি (পূর্ব) করপোরেট শাখায় ভল্টে রাখা টাকার বান্ডিলে হেরফের করে ধাপে ধাপে ৪ কোটি ৩৮ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, টাকার বান্ডিলের বাইরের দিকে এক হাজার টাকার নোট রাখা হতো, কিন্তু ভেতরে ছিল একশো টাকার নোট। এতে বাইরে থেকে দেখলে মনে হতো পুরো বান্ডিলেই এক হাজার টাকার নোট রয়েছে, যা প্রকৃত পরিমাণ আড়াল করতে সাহায্য করেছে।
গত সোমবার এ ঘটনায় শাখার মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদ মামলা দায়ের করেন। সেদিনই পুলিশ মামলায় শাখার ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীর নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
টাকার বান্ডিলে হেরফের করে অর্থ সরানোর বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার ব্যাংক কর্মকর্তাসহ দুই আসামি। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ছাড়া অন্য কেউ ঘটনায় জড়িত কি না, তা নিয়ে তদন্ত চলছে।