বাইশে শ্রাবণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণদিবস

আজ বৃহস্পতিবার, ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে তাঁর জীবনাবসান ঘটেছিল। নিজের প্রিয় ঋতু বর্ষাতেই পৃথিবী ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই মহান পুরুষ।
মাত্র ৮ বছর বয়সে সাহিত্যচর্চা শুরু করা এই গুণী ব্যক্তিত্বের রচনায় সমৃদ্ধ হয়েছে বাংলা কবিতা, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ ও শিশুসাহিত্য। সুরস্রষ্টা ও চিত্রশিল্পী হিসেবেও তিনি অনন্য পরিচয়ের স্বাক্ষর রেখেছেন। শিক্ষা প্রসারে তিনি 'বিশ্বভারতী' প্রতিষ্ঠা করেন এবং কৃষকদের কল্যাণে চালু করেন কৃষিঋণ ব্যবস্থা। এছাড়া জালিয়ানওয়ালাবাগের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড উপাধিও তিনি ত্যাগ করেছিলেন।
১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দেবীর ১৫ সন্তানের মধ্যে ১৪তম সন্তান হিসেবে জোড়াসাঁকোর বিখ্যাত পরিবারে জন্ম নেন রবীন্দ্রনাথ। শৈশবের উন্মুক্ত পারিবারিক পরিবেশ এবং পরবর্তী সময়ে পদ্মা, মেঘনা ও যমুনায় নৌকা ভ্রমণের অভিজ্ঞতা তাঁর সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করে। ১৯১৩ সালে 'গীতাঞ্জলি' কাব্যের জন্য নোবেল পুরস্কার অর্জন করে তিনি বাংলা সাহিত্যকে বিশ্বমঞ্চে সমাদৃত করেন। তাঁর রচিত গান আমাদের জাতীয় সংগীত এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও জুগিয়েছিল অশেষ সাহস ও অনুপ্রেরণা।
কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে গীতিনাট্য 'শ্যামা' মঞ্চায়িত হবে। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট আয়োজিত এই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।