জাতীয়

বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ চালক ও পুড়ে ৮ মোটরসাইকেল

১১ আগস্ট ২০২৬
বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ চালক ও পুড়ে ৮ মোটরসাইকেল
বাগেরহাট জেলা হাসপাতালে গ্যাস লিকেজের কারণে অ্যাম্বুলেন্সে আগুন লেগেছে। এতে চালক দগ্ধ হয়েছেন এবং পাশের ৮টি মোটরসাইকেল পুড়ে গেছে।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে একটি অ্যাম্বুলেন্সে গ্যাস লিকেজের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের গেটের সামনে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অ্যাম্বুলেন্সচালক ফরিদ হোসেন দগ্ধ হন এবং আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা আরও আটটি মোটরসাইকেল পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোগী নেওয়ার জন্য হাসপাতাল চত্বরে আসা অ্যাম্বুলেন্সে হঠাৎ শব্দ হওয়ার পর আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়লে সেখানে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান জানান, দুপুর ১টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে আগুন ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই।

দগ্ধ অ্যাম্বুলেন্সচালক ফরিদ হোসেনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, আগুনের ধোঁয়া হাসপাতালের বহির্বিভাগে প্রবেশ করলেও রোগী বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিভিল সার্জন আ স ম মাহাবুবুল আলম জানান, প্রাথমিক ধারণা গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এবং ঘটনার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

বাগেরহাটঅগ্নিকাণ্ডহাসপাতালঅ্যাম্বুলেন্সফায়ার সার্ভিস