বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মা ম্যা চিং

১৫ সদস্যের পুনর্গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী মা ম্যা চিং। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) এই পুনর্গঠনের তথ্য জানানো হয়।
নবগঠিত এই পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি আরও ১৪ জন সদস্য স্থান পেয়েছেন। তালিকায় অন্তর্ভুক্ত অন্য সদস্যরা হলেন চনুমং, মং ক্যনু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগস্টিন ত্রিপুরা, অংজাই ইউচাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসীম উদ্দিন, ক্যউ প্রু খিয়াং এবং কাজী নিরুতাজ বেগম।
মনোনীত চেয়ারম্যান মা ম্যা চিং দীর্ঘদিন ধরে বান্দরবান জেলা রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, তিনি দীর্ঘ সময় বান্দরবান জেলা বিএনপির সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি দলীয় কেন্দ্রীয় কমিটিতে উপজাতীয় বিষয়ক সম্পাদিকার দায়িত্বও পালন করেছেন।