বাবাকে হারানোর চার দিন পর মাঠে মেসি, লিগস কাপ থেকে বিদায় মায়ামির

পিতা হোর্হে মেসিকে হারানোর চার দিনের মাথায় ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের মাঠে প্রত্যাবর্তনের পরেও লিগস কাপে জয় পায়নি তার দল। মেক্সিকোর ক্লাব লিওনের কাছে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই ছিটকে গেছে ফ্লোরিডার দলটি।
দীর্ঘদিন মেসির এজেন্টের দায়িত্ব পালন করা হোর্হে মেসি গত রবিবার ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বাবার শেষকৃত্যে অংশ নিতে আর্জেন্টিনায় গিয়ে মঙ্গলবার রাতে ফ্লোরিডায় ফেরেন মেসি। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে হারানোর বেদনা প্রকাশের পাশাপাশি ফুটবল চালিয়ে যাওয়া নিয়েও নিজের সংশয়ের কথা জানান ৩৯ বছর বয়সী এই মহাতারকা।
মানসিক কষ্টের মধ্যেও বাঁচা-মরার লড়াইয়ে দলের প্রয়োজনে বিরতির পর মাঠে নামেন মেসি। ৪২ মিনিটে ড্যানিয়েল পিন্টারের গোলে প্রথমার্ধে মায়ামি এগিয়ে থাকলেও ৫০ মিনিটে ড্যানিয়েল আরসিলার গোলে সমতায় ফেরে লিওন। এর তিন মিনিট পর ইয়ানিক ব্রাইটের গোলে মায়ামি আবার এগিয়ে গেলেও হুয়ান দোমিঙ্গেসের লক্ষ্যভেদে দ্রুতই সমতায় আসে মেক্সিকান ক্লাবটি।
এরপর বেশ কিছু আক্রমণ ঠেকিয়ে মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো দলকে টিকিয়ে রাখলেও ৮৩ মিনিটে আরসিলার দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে লিওন। শুরুতে অফসাইড ডাকা হলেও ভিএআরের মাধ্যমে গোলটি বহাল থাকে। এর ফলে ২০২৩ সালে টুর্নামেন্টের পরিধি বাড়ার পর এবারই প্রথম লিগস কাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিল ২০২৩ সালের চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি।