রাজনীতি

বাবার জানাজায় অংশ নিতে ২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা

১৫ আগস্ট ২০২৬
বাবার জানাজায় অংশ নিতে ২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা
বাবার মৃত্যুর পর দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে জানাজা ও দাফনে অংশ নেন নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস।

কারাগারে বন্দি নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস শেষবারের মতো বাবার জানাজায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। গত শনিবার (১৫ আগস্ট) রাতে সংক্ষিপ্ত সময়ের জন্য প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় তিনি বাবার জানাজা ও দাফন সম্পন্ন করেন। নির্ধারিত সময় শেষ হতেই তাকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে জেমসের বাবা আবুল কালাম আজাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সংবাদ পেয়ে স্বজনেরা জানাজা ও দাফনে জেমসের উপস্থিতির আবেদন জানান। আবেদনের ভিত্তিতে প্রশাসন তাকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমোদন দেয়। রাত ৯টার দিকে নাটোর শহরের বড়গাছা বুড়া দরগা মসজিদে কড়া পুলিশি নজরদারিতে বাবার জানাজা ও দাফন শেষ করেন তিনি।

উল্লেখ্য, রাজনৈতিক একটি মামলায় অভিযুক্ত হয়ে তিনি কারাবন্দি রয়েছেন। গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা জেমস অসুস্থ বাবাকে দেখতে নিজ বাড়িতে এলে গত ২১ জুন রাতে শহরের বড়গাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, বাবার দাফনকাজে অংশ নিতে জেমসকে নির্দিষ্ট সময় অনুযায়ী দুই ঘণ্টার প্যারোল দেওয়া হয়েছিল। দাফন প্রক্রিয়া শেষ হওয়ার পর সময়সীমা মেনে তাকে পুনরায় কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।

নাটোরছাত্রলীগপ্যারোলরাকিবুল হাসান জেমসকারাগার