বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক আইসিইউতে

রাজধানী ঢাকার বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ভবনে সৃষ্ট ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট দেখা দিলে হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রী নাইমা ইমরানকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাত ৪টা ৫৬ মিনিটের দিকে বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। তথ্য পাওয়ার পরপরই বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা ভোর ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ৫টা ২০ মিনিটে তা পুরোপুরি নেভাতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের পর সৃষ্টি হওয়া ধোঁয়ার প্রভাবে শ্বাসকষ্ট শুরু হলে সকাল ৯টার দিকে পাকিস্তান হাইকমিশনার ও তাঁর স্ত্রীকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা বিবেচনা করে তাঁদের হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে হাইকমিশনার ও তাঁর স্ত্রী দুজনের অবস্থাই স্থিতিশীল রয়েছে। তাঁদের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।