বাহাদুর শাহ পার্কে অবৈধ বাণিজ্যিক মেলা সরাতে সময় বেঁধে দিল ডিএসসিসি

পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাহাদুর শাহ উদ্যানে বৃক্ষমেলার অজুহাতে গড়ে তোলা নানা ধরনের অননুমোদিত পণ্যের দোকান সরিয়ে ফেলতে আজ রোববার রাত পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বেঁধে দেওয়া সময়ের মধ্যে এসব স্টাল সরানো না হলে আগামীকাল সোমবার থেকে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উচ্ছেদ চালানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ রোববার পার্ক চত্বরে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানায়, গাছের মেলার অনুমোদন নিয়ে ভেতরে নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন পণ্যের মেলা বসানো হয়েছে। বাণিজ্যিক এসব প্রতিষ্ঠানের কারণে পার্কে আসা দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের হাঁটাচলা এবং বসার ক্ষেত্রে চরম ভোগান্তি তৈরি হচ্ছে।
এর আগে পার্ক ঘুরে দেখা যায়, বৃক্ষমেলার আড়ালে খাবার, পোশাক, গয়না, খেলনা ও গৃহস্থালি সামগ্রীর দোকান বসানো হয়েছিল। মেলা কর্তৃপক্ষের তরফ থেকে ৬০টি দোকানের কথা বলা হলেও ইতিমধ্যে ৩৩টি দোকান চালু ছিল। প্রতিটি দোকান থেকে দিনে তিন হাজার টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হতো বলে বিক্রেতারা জানান। তবে জনস্বার্থ ও উদ্যানের পরিবেশ বজায় রাখতে এমন পদক্ষেপ অব্যাহত থাকবে বলে ডিএসসিসি জানিয়েছে।