রাজনীতি

বিএনপি জনগণের নয়, ব্যবসায়ীদের সরকার গড়ছে: নাহিদ ইসলাম

১২ আগস্ট ২০২৬
নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অলিগার্কদের সুবিধা দেওয়ার অভিযোগে সরকার ও বিএনপির সমালোচনা করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জনগণের সরকারের কথা থাকলেও বাস্তবে ব্যবসায়িক গোষ্ঠী তোষণের সরকার গড়ে তুলছে বিএনপি। বুধবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের মতো বর্তমান প্রশাসনও সাধারণ মানুষের বদলে বড় বড় অলিগার্ক বা ব্যবসায়ী গোষ্ঠীর সেবায় নিয়োজিত হয়েছে।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, ক্ষমতার ছয় মাস যেতে না যেতেই নিজেদের দেওয়া নির্বাচনী অঙ্গীকার ভঙ্গ করে জ্বালানি খাত বেসরকারীকরণের অপচেষ্টা চলছে। বসুন্ধরা গ্রুপকে তেল আমদানির সুযোগ না দেওয়ায় বিপিছির চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার ঘটনা টেনে তিনি বলেন, এলপিজি গ্যাসের মতো এখন ডিজেল ও অকটেন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ছক কষা হচ্ছে। এর ফলে পণ্য পরিবহন ও সেচ খরচ বাড়বে, যার চূড়ান্ত ধাক্কা আসবে সাধারণ জনগণের পকেটে।

বিদ্যুৎ খাতের তীব্র লোডশেডিংয়ের জন্য মধ্যপ্রাচ্য যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান তিনি। এনসিপির এই নেতা স্মরণ করিয়ে দেন, ২১ জুলাই মহেশখালীর এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি আংশিক স্বাভাবিক করতে ১৫ দিন সময় লেগেছে, যা দেশের দূর্যোগ মোকাবিলার সক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলে। প্রকৃত সংকট ডলারের নয়, বরং দূরদর্শিতা ও সময়ভিত্তিক পরিকল্পনার।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের অচলাবস্থা কাটাতে তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরেছেন নাহিদ। এর মধ্যে দ্রুত বেসরকারীকরণ বন্ধ রাখা, আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা ১০ দিন থেকে বাড়িয়ে ৪২ দিনে রূপান্তর এবং মহেশখালীর দুর্ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানান তিনি।

নাহিদ ইসলামবিএনপিজাতীয় নাগরিক পার্টিজ্বালানি সংকটবিদ্যুৎ