অপরাধ

বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দল নেতার বাড়িতে হামলা, আহত ৫

১৪ আগস্ট ২০২৬
বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দল নেতার বাড়িতে হামলা, আহত ৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ববিরোধের জের ধরে বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দল নেতার বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ববিরোধের জের ধরে ইউনিয়ন কৃষক দলের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে। এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারী এ হামলা চালান। হামলার সময় বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা লুট করে নেওয়ারও দাবি করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সদস্যসচিব বেলায়েত হোসেনের ভাই আমির হোসেন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বেলায়েত বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁদের সঙ্গে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারী, নুর মোহাম্মদসহ কয়েকজনের সঙ্গে বিরোধ চলছে। গত মঙ্গলবার শাহজাহানের লোকজন তাঁর (বেলায়েত) ভাই দেলোয়ার হোসেনকে মারধর করেন। পরে দেলোয়ারকেই আসামি করে থানায় মামলা করা হয়।

বেলায়েতের অভিযোগ, আজ তাঁদের বাড়িতে শাহজাহান শিকারীর নেতৃত্বে একদল লোক দেশি অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় বাড়ির বিভিন্ন কক্ষে ভাঙচুর ও লুটপাট করা হয়। হামলায় নারীসহ পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে লাকি ও রাহিমা নামে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারী হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি হামলার সঙ্গে জড়িত নই।’

এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া আমির হোসেনের দাবি, হামলাকারীরা বাড়ির বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছেন। এ ছাড়া কাঠ ও স্টিলের আলমারি ভেঙে বিভিন্ন ঘর থেকে আনুমানিক ৩ ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকা নিয়ে গেছেন। তিনি বলেন, হামলার পরও অভিযুক্ত ব্যক্তিরা ধারালো অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছেন। তাঁরা আবারও হামলা ও হত্যার হুমকি দিচ্ছেন।

হামলাবিএনপিআড়াইহাজারলুটপাটঅভিযোগ