বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার নেতা

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী মঞ্চ জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য করা হয়েছে। শনিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সদস্যদের মধ্যে রয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।
বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্তের আলোকে এই চার নেতাকে স্থায়ী কমিটিতে যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর কমিটি পুনর্গঠন করা হলেও পরবর্তীতে সদস্যদের মৃত্যু ও পদত্যাগের কারণে বেশ কয়েকটি পদ শূন্য হয়ে পড়ে। বিভিন্ন সময়ে দলটি এসব পদে নতুন সদস্য যুক্ত করলেও এবার একসঙ্গে চারজনকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো।