রাজনীতি

বিদ্যুৎ সংকটে দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর

১৫ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সংকটে দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর
রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দুঃখপ্রকাশ করে দ্রুত পরিস্থিতি উন্নতির আশা জানান।

বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান পরিস্থিতির কারণে দেশবাসীর কাছে অনুতাপ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, আর মাত্র কয়েক দিনের মধ্যে গ্যাসের ঘাটতি মিটে যাবে, যার ইতিবাচক প্রভাব পড়বে বিদ্যুৎ সরবরাহেও। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জ্বালানি সংকটের সমালোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। বিদ্যুৎ খাতে বিগত সরকারের তিন লাখ কোটি টাকার বিপুল দেনা এবং অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি জানান, সংকট কাটাতে চীন ও মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি দেশে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের চেষ্টা চলছে, যা সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে।

বিরোধী দলের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারেক রহমান বলেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার কার্যকর সমাধান দিতে পারলে সরকার তা গ্রহণ করবে। অন্যথায় বিভ্রান্তিকর রাজনীতির জন্য তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। রাস্তায় বিশৃঙ্খলা ও ভাঙচুর না করে দেশের উন্নয়নে মাঠে নেমে কাজ করার আহ্বান জানান তিনি।

নিজ সরকারের বয়স মাত্র ছয় মাস উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকার ইতোমধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মক্ষম করে তুলে দেশকে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমানলোডশেডিংবিদ্যুৎ সংকটরাজনীতিবিএনপি