খেলা

বিশ্বকাপে মেসি-রোনালদোকে হত্যার হুমকি, এফবিআইয়ের গোপন নথি ফাঁস

৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপে মেসি-রোনালদোকে হত্যার হুমকি, এফবিআইয়ের গোপন নথি ফাঁস
বিশ্বকাপ চলাকালে মেসি, রোনালদো, এমবাপ্পেসহ একাধিক তারকা ও রেফারি প্রাণনাশের হুমকির মুখে পড়েছিলেন বলে এফবিআইয়ের নথিতে উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এবং আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্রের (আইপিসিসি) গোপন নিরাপত্তা প্রতিবেদন ফাঁস করেছে স্পেনের সংবাদমাধ্যম প্রেনসা ইবেরিকা। সেখান থেকে জানা গেছে, সম্প্রতি শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে মেসি, রোনালদো ও এমবাপ্পেসহ একাধিক ফুটবলার, কোচ ও রেফারি মারাত্মক নিরাপত্তা হুমকির শিকার হয়েছিলেন।

নথি অনুযায়ী, টুর্নামেন্টজুড়ে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দিন ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি হাতে বানানো বোমা ও এআর-১৫ সেমিঅটোমেটিক রাইফেল নিয়ে মেসি ও খেলোয়াড়দের ওপর হামলার পরিকল্পনার কথা জানান। মিসর ম্যাচের আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে বোমা মেরে মেসিকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং ম্যাচ চলাকালে স্টেডিয়ামে বোমাতঙ্ক ছড়িয়ে তল্লাশি চালানো হয়। অপরদিকে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোকে টানা হয়রানি করা হয়। এমনকি হিউস্টনের একটি হোটেল থেকে রোনালদোর তথ্য সংগ্রহকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

মাঠের বিতর্ক ও ভুল পারফরম্যান্সের কারণেও খেলোয়াড়রা হুমকির মুখে পড়েন। প্যারাগুয়ের রাজনৈতিক ক্ষোভ থেকে কিলিয়ান এমবাপ্পের প্রতিকৃতি পোড়ানো হয়। এ ছাড়া গোল ও পেনাল্টি মিসের কারণে নরওয়ের আলেকজান্ডার সরলথ, কলম্বিয়ার জামিনটন ক্যাম্পাজ এবং ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে পান প্রাণনাশের হুমকি। দক্ষিণ কোরিয়া দল বিদায় নেওয়ার পর কোচ হং মাইওং-বোসহ পুরো দলকে মেরে ফেলার হুমকি দিলে কড়া পুলিশ প্রহরায় তাঁদের বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়।

তবে এককভাবে সবচেয়ে বেশি বার্তার শিকার হয়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ার। আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর তাঁর হোয়াটসঅ্যাপে প্রায় ৬ হাজার হুমকিমূলক বার্তা পাঠানো হয়। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তিনি এবং ভিএআর রেফারি উইলি দেলাজাদের ফ্রান্সের বাসভবনে বিশেষ পুলিশি নিরাপত্তা দিতে হয়েছিল।

বিশ্বকাপমেসিরোনালদোএফবিআইনিরাপত্তা