খেলা

বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনা বাধ্যতামূলক নয়: ইনফান্তিনো

৩০ জুলাই ২০২৬
বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনা বাধ্যতামূলক নয়: ইনফান্তিনো
বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনাকে বাধ্যতামূলক নয় বরং আলোচনার প্রস্তাব বলে দাবি করেছেন ফিফা প্রধান জিয়ানি ইনফান্তিনো।

বিশ্বকাপসহ অন্যান্য প্রতিযোগিতা পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি সহযোগী প্রতিষ্ঠান গড়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। প্রস্তাবিত এই সংস্থায় বাইরের বিনিয়োগকারীদের কাছে ২০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রির পরিকল্পনা রাখা হয়েছে। তবে আঞ্চলিক ফুটবল সংস্থাগুলোর তীব্র সমালোচনার মুখে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো স্পষ্ট করেছেন, এটি কেবল একটি প্রস্তাব, বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত নয়।

ফিফার এমন উদ্যোগের খবরে আঞ্চলিক ফুটবল কনফেডারেশনগুলো ক্ষোভ প্রকাশ করেছে। ফুটবলে বেসরকারি বিনিয়োগকারী যুক্ত করার এই প্রক্রিয়ায় তাদের পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এর জবাবে ইনফান্তিনো দাবি করেন, খেলার বাণিজ্যকে আরও শক্তিশালী করাই ফুটবল উন্নয়নের স্বাভাবিক পরবর্তী ধাপ।

বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় ইনফান্তিনো বলেন, এটি একটি গণতান্ত্রিক আলোচনা প্রক্রিয়ার অংশ। এটি সুযোগ তৈরি করছে, তবে কোনো বাধ্যবাধকতা চাপিয়ে দিচ্ছে না। মূলত এর মাধ্যমেই পরামর্শ পর্বের সূচনা হলো।

বিশ্বকাপ কেন্দ্রিক সম্প্রচার স্বত্ব ও স্পন্সরশিপ থেকে কোটি কোটি ডলার আয় করে ফিফা অন্যতম ধনী ক্রীড়া সংস্থায় পরিণত হয়েছে। ইনফান্তিনো আশ্বাস দেন, সমর্থকরাই ফুটবলের মূল ভিত্তি হিসেবে থাকবেন এবং বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই ফিফা তাদের টুর্নামেন্টগুলো পরিচালনা করবে।

ফিফাবিশ্বকাপইনফান্তিনোফুটবল