খেলা

বিশ্বকাপের শেয়ার বিক্রির প্রস্তাব ফিফার, উয়েফার তীব্র বিরোধিতা

২৯ জুলাই ২০২৬
বিশ্বকাপের শেয়ার বিক্রির প্রস্তাব ফিফার, উয়েফার তীব্র বিরোধিতা
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছে ফিফা, যার তীব্র বিরোধিতা করেছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা।

বিশ্বকাপসহ অন্যান্য প্রতিযোগিতা পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েছে ফিফা। 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' নামের এই নতুন সংস্থায় মূল মালিকানা নিজেদের হাতে রেখে ৪২০ কোটি ডলার তোলার পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তবে প্রস্তাবটি বাস্তবায়নে ফিফার ২১১টি সদস্য রাষ্ট্রের ভোটের প্রয়োজন হবে।

ফিফার এই পরিকল্পনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এক বিবৃতিতে তারা বলেছে, ফুটবল সংস্থাগুলোর এমন নীতিগত সীমা লঙ্ঘন করা মোটেও উচিত নয়। সংস্থাটির মতে, ফুটবলের প্রশাসনিক নিয়ন্ত্রণ কোনো কেনাবেচার বস্তু নয় এবং এটি বিক্রি করার কোনো অধিকার ফিফার নেই। এখানে অর্থ স্থানান্তরের বিষয়টি সম্পূর্ণ অস্বচ্ছ বলেও দাবি করেছে উয়েফা।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামও এই প্রস্তাবের সমালোচনা করে জানান, বিশ্বকাপ কোনো বিক্রয়যোগ্য পণ্য নয় এবং এটি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া উচিত নয়। ফিফার তথ্য অনুযায়ী, প্রস্তাবটি অনুমোদিত হলে সম্ভাব্য বিনিয়োগকারী দলের নেতৃত্বে থাকতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান।

তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, বিশ্বজুড়ে ফুটবলের বিস্তার ও সর্বজনীন উন্নয়নের জন্যই বাড়তি অর্থসংস্থানের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, শেয়ার বিক্রি করা হলেও ফুটবলের নিয়মকানুন, টুর্নামেন্ট সূচি ও খেলা পরিচালনার চূড়ান্ত ক্ষমতা তাদের নিজেদের হাতেই বজায় থাকবে।

ফিফাউয়েফাবিশ্বকাপজিয়ান্নি ইনফান্তিনোফুটবল