বুফে খাওয়া কি হালাল? মুফতি তাকি উসমানির স্পষ্ট বক্তব্য

বর্তমানে রেস্তোরাঁ ও হোটেলগুলোতে নির্দিষ্ট মূল্যে যত খুশি খাবার খাওয়ার সুযোগ বা বুফে পদ্ধতি ব্যাপকভাবে প্রচলিত। এই পদ্ধতিতে গ্রাহক নির্দিষ্ট সময় ও মূল্যের বিনিময়ে হোটেল কর্তৃপক্ষ সাজিয়ে রাখা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করেন, তবে খাবার বাইরে নিয়ে যাওয়ার অনুমতি থাকে না।
ইসলামের মৌলিক নীতিমালা অনুযায়ী ক্রয়-বিক্রয় চুক্তি শুদ্ধ হওয়ার জন্য বিক্রীত বস্তু ও তার পরিমাণ জানা থাকা অপরিহার্য শর্ত। বুফে পদ্ধতিতে মূল্য নির্ধারিত থাকলেও বিক্রীত খাবারের প্রকৃত পরিমাণ ও ধরন অজানা থাকে, যা চুক্তির বৈধতার জন্য বাধা সৃষ্টি করে।
খ্যাতিমান মুফতি তাকি উসমানি ‘ফিকহুল বুয়ু’ গ্রন্থে উল্লেখ করেন, এ ধরনের বিক্রয়চুক্তি ইসলামে বৈধ নয়। কারণ, চুক্তির সময় খাবার ও তার পরিমাণ অজানা থাকায় ক্রেতা ও বিক্রেতা উভয়েই প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে।
এর পেছনে যুক্তি হলো, বেশি ক্ষুধার্ত গ্রাহক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি খাবার খেলে বিক্রেতা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আবার অল্প খেয়েই তৃপ্ত হলে ক্রেতার দিক থেকে আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দেয়। রাসুল (সা.) এ জাতীয় প্রতারণাযুক্ত ক্রয়-বিক্রয় থেকে নিষেধ করেছেন।