জাতীয়

বৃষ্টি দিয়ে ঢাকার দিন শুরু, ৪ বিভাগে হতে পারে ভারী বর্ষণ

৪ আগস্ট ২০২৬
বৃষ্টি দিয়ে ঢাকার দিন শুরু, ৪ বিভাগে হতে পারে ভারী বর্ষণ
মঙ্গলবারের সকালে বৃষ্টিভেজা ঢাকার আকাশ মেঘলা থাকলেও দুপুরের দিকে ফের বর্ষণ হতে পারে। এছাড়া দেশের চার বিভাগে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি নিয়েই মঙ্গলবার সকালের সূচনা হয়েছে রাজধানী ঢাকায়। সকাল সাড়ে আটটা নাগাদ নগরের বিভিন্ন স্থানে ঝিরিঝিরি বৃষ্টি ঝরতে দেখা যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল আটটার পর বৃষ্টি কিছুটা কমলেও দুপুরের দিকে আবার বর্ষণ শুরু হতে পারে। তবে বিকেল চারটা থেকে পাঁচটার দিকে বৃষ্টি কমে আসার সম্ভাবনা রয়েছে।

সোম ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং বরিশাল—এই চার বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা বিভাগের কিছু অংশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত সোমবারেও সারাদেশে কমবেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় দেশের সর্বোচ্চ ১১৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এছাড়া নোয়াখালীতে ৯০, নওগাঁর বদলগাছী ও নীলফামারীর ডিমলায় ৭৯ এবং ফেনীতে ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, গত মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৩৫ মিলিমিটার বেশি বর্ষণ হয়েছিল, যা মৌসুমি বায়ু ও গভীর নিম্নচাপের প্রভাবে ৯টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছিল।

আবহাওয়াবৃষ্টিঢাকাআবহাওয়ার পূর্বাভাস