শিক্ষা

বেসরকারি শিক্ষক নিয়োগ পর্ষদে ফেরানোর গুঞ্জনে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

১১ আগস্ট ২০২৬
বেসরকারি শিক্ষক নিয়োগ পর্ষদে ফেরানোর গুঞ্জনে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের মাধ্যমে শিক্ষক নিয়োগের আলোচনার খবরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় পরিচালনা পর্ষদের হাতে ফিরিয়ে দেওয়ার আলোচনায় চরম উদ্বেগ তৈরি হয়েছে চাকরিপ্রত্যাশীদের মধ্যে। এই প্রক্রিয়ায় নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির আশঙ্কা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। শিক্ষক নিয়োগে প্রচলিত এনটিআরসিএর মাধ্যমেই মেধাভিত্তিক ও স্বচ্ছ ব্যবস্থা বহাল রাখার দাবি জানান তারা।

গত সোমবার ও মঙ্গলবার বিভিন্ন ক্যাম্পাসে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে ডাকসুর ছাত্র প্রতিনিধি ও একাধিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। আন্দোলনকারীদের বক্তব্য, মেধার সামনে পরিচালনা পর্ষদ নামের দুর্নীতির দেয়াল তৈরি করা হলে যোগ্য প্রার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকেরাও শিক্ষক নিয়োগে এনটিআরসিএ পদ্ধতিকে আরও কার্যকর করার ওপর জোর দিয়েছেন।

তবে পরিচালনা পর্ষদের মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়টিকে অপপ্রচার আখ্যা দিয়ে তিনি জানান, গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের অসমাপ্ত আলোচনা কাটছাঁট করে প্রচার করা হয়েছে। এনটিআরসিএর কার্যক্রমকে আরও স্বচ্ছ ও দক্ষ করতে পর্যালোচনা চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ সংক্রান্ত চূড়ান্ত কোনো সরকারি বা দলীয় সিদ্ধান্ত হয়নি।

শিক্ষক নিয়োগএনটিআরসিএবিক্ষোভশিক্ষামন্ত্রীবিশ্ববিদ্যালয়