অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

৮ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া শহরে চারতলা ভবনের নিচতলা থেকে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে মোহাম্মদ আনিসুর রহমান (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে একটি চারতলা ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আনিসুর নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়া ও জাহানারা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে কয়েক মাস আগে আনিসুরের এক চাচা খুন হন। ওই হত্যা মামলায় বাবা আলকাছ মিয়া আসামি হওয়ায় পরিবারটি বাড়ি ছেড়ে শহরের এই ভবনে ভাড়া থাকতে শুরু করে। নিহত আনিসুর কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

শুক্রবার রাতে নিচতলার সিঁড়ির কাছে কিশোরের দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরিবারের অভিযোগ, এই মৃত্যুর পেছনে আনিসুরের চাচাতো ভাইদের হাত থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা জানান, মরদেহ উদ্ধার করে রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলেই বোঝা যাবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড। পুরো ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।

ব্রাহ্মণবাড়িয়ামরদেহ উদ্ধারস্কুলছাত্রঅপরাধ