ভক্তদের তীব্র প্রতিবাদের মুখেও গেমের ডিস্ক তৈরি বন্ধে অটল সোনি

প্লেস্টেশনের নতুন গেমের জন্য ভৌত ডিস্ক তৈরি বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন গেমাররা। তবে গ্রাহকদের তীব্র বিরোধিতা সত্ত্বেও এই অবস্থান থেকে সরে আসছে না সোনি। সাম্প্রতিক এক আয়-ব্যয়ের বৈঠকে প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা লিন তাও জানান, গেমিং কমিউনিটির বিরোধিতা তারা গুরুত্বের সঙ্গেই বিবেচনা করেছেন, কিন্তু পর্যালোচনার পর এই সিদ্ধান্তেই সতর্কতার সঙ্গে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সোনি।
সোনি জানিয়েছে, কেবল প্লেস্টেশন নয়, বিশ্বজুড়ে সব ধরনের কনটেন্টেরই ডিজিটাল রূপান্তর তরান্বিত হচ্ছে। ২০২৮ সালের জানুয়ারির মধ্যে নতুন প্লেস্টেশন গেমের ডিস্ক উৎপাদন পুরোপুরি বন্ধের পরিকল্পনা করেছে তারা। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি তাদের ডিস্ক তৈরির প্রধান কারখানা পুনর্গঠন করে অপটিক্যাল মাইক্রোলেন্স তৈরির কাজ শুরু করেছে।
সোনির এই পদক্ষেপে পুরোনো গেম কেনাবেচার বাজার, গেমের প্রকৃত মালিকানা এবং ভবিষ্যতের জন্য গেম সংরক্ষণের সুযোগ নষ্ট হবে বলে আশঙ্কা করছেন ব্যবহারকারীরা। এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২৩ আগস্ট থেকে সপ্তাহব্যাপী প্লেস্টেশন বর্জনের ডাক দিয়েছেন অসন্তুষ্ট গেমাররা।
তবে অর্থনৈতিক দিক থেকে সোনির এই পদক্ষেপের যৌক্তিকতা স্পষ্ট। প্রতিষ্ঠানটির সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে ভৌত ডিস্ক বিক্রি থেকে তাদের আয় হয়েছে ৭৮১ মিলিয়ন ডলারের কিছু বেশি। যেখানে একই সময়ে কেবল ডিজিটাল গেম বিক্রি থেকেই এসেছে প্রায় ৬.৫ বিলিয়ন ডলার এবং গেমের ভেতরের নানা কেনাকাটা থেকে এসেছে প্রায় ৮.৪ বিলিয়ন ডলার।