বিনোদন

ভারতের এপিক স্টুডিওস ও রাস্ক মিডিয়ার ৫০টি ড্রামা সিরিজের চুক্তি

২০ আগস্ট ২০২৬
ভারতের এপিক স্টুডিওস ও রাস্ক মিডিয়ার ৫০টি ড্রামা সিরিজের চুক্তি
ভারতের বৃহত্তম ভার্টিক্যাল ড্রামা লাইব্রেরি তৈরির লক্ষ্যে ৫০টি নতুন সিরিজ নির্মাণের চুক্তি করেছে এপিক স্টুডিওস ও রাস্ক মিডিয়া।

ভারতের বিনোদন জগতে নিজস্ব ভার্টিক্যাল ড্রামা সিরিজের সবচেয়ে বড় সংগ্রহ গড়ে তুলতে হাত মিলিয়েছে এপিক স্টুডিওস ও রাস্ক মিডিয়া প্রাইভেট লিমিটেড। এই সমঝোতার অধীনে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে ৫০টি মৌলিক ভার্টিক্যাল ড্রামা সিরিজ তৈরি করবে। পৌরাণিক গল্প, ড্রামা, রহস্য, রোমান্স ও থ্রিলারসহ নানা ঘরানার কনটেন্ট থাকবে এই তালিকায়।

নতুন নির্মিত এই সিরিজগুলো রাস্ক মিডিয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম 'অলরাইট! টিভি'-তে প্রচারিত হবে। এপিক স্টুডিওসের টেলিভিশন ও চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা এবং রাস্ক মিডিয়ার ডিজিটাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে তরুণ দর্শকদের কাছে পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে এই সিরিজের সংখ্যা ২৫০-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাদের।

দ্য এপিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আদিত্য পিটি জানান, বিশ্বজুড়ে ভার্টিক্যাল ড্রামার ব্যবহার ও জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এই অংশীদারিত্বের মাধ্যমে তাঁরা দেশের বৃহত্তম কনটেন্ট লাইব্রেরি গড়ে তুলতে চান। অন্যদিকে, রাস্ক মিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা করণবীর সোফাত বলেন, এই চুক্তি ডিজিটাল দর্শকদের জন্য মানসম্মত বিনোদন পৌঁছে দেওয়ার কাজকে আরও গতিশীল করবে।

২০১৯ সালে প্রতিষ্ঠিত রাস্ক মিডিয়া মূল।ত জেন-জি ও তরুণ প্রজন্মের জন্য মোবাইলভিত্তিক কনটেন্ট তৈরি করে। 'অলরাইট! টিভি' ছাড়াও আমাজন এমএক্স প্লেয়ার ও জিওহটস্টারের মতো প্ল্যাটফর্মে তাদের কনটেন্ট দেখা যায়। অন্যদিকে দ্য এপিক কোম্পানির অধীনে পরিচালিত এপিক স্টুডিওসের চলচ্চিত্র বিভাগের প্রধান নির্বাহী হিসেবে বিবেক কৃষ্ণানি এবং ওটিটি ও টিভি বিভাগের প্রধান হিসেবে সমর খান দায়িত্ব পালন করছেন।

এপিক স্টুডিওসরাস্ক মিডিয়াভার্টিক্যাল ড্রামাওয়েব সিরিজবিনোদন