ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি ওপরে, প্লাবিত ১৫ এলাকা

ভারী বর্ষণের ফলে নীলফামারী অঞ্চলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলাটির ডিমলা ও জলঢাকা উপজেলার অন্তত ১৫টি চর ও নিম্নাঞ্চল জলমগ্ন হয়েছে। তবে বুধবার সকাল পর্যন্ত স্থানীয়দের বসতবাড়িতে পানি প্রবেশের কোনো খবর পাওয়া যায়নি।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত লালমনিরহাটের দোয়ানী পয়েন্টে নদীর পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। গত ২৪ ঘণ্টায় ডিমলার ডালিয়া এলাকায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
নদীর পানি বাড়ায় ডিমলার সাতটি ও জলঢাকার একটি ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, চরাঞ্চলের বাড়িঘরে এখনো পানি না উঠলেও কিছু রোপা আমনের খেত তলিয়ে গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বর্তমানে সার্বিক অবস্থা স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খোলা রাখা হয়েছে। পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানে ভারত অংশে নদীর পানি এখনো বিপৎসীমার অনেক নিচে অবস্থান করছে।