ভালো পরিকল্পনা দিলে তা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

দেশের বিদ্যুৎ ও গ্যাসের সংকট কাটাতে যেকোনো রাজনৈতিক দলের সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা সানন্দে বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সংকট নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে জনগণকে সঠিক পথ দেখাতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
আজ শনিবার ঢাকার মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক সহায়তা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দুস্থ ও অসুস্থ মানুষদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে মরহুম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
বিদ্যুৎ ও গ্যাস সংকটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করা রাজনীতির মূল উদ্দেশ্য হতে পারে না। রাজনৈতিক নেতৃত্বের মূল দায়িত্ব মানুষকে ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া এবং সঠিক দিশা দেখানো। অহেতুক অপপ্রচার চালালে শেষ পর্যন্ত জনগণের কাছেই জবাবদিহি করতে হবে বলে সতর্ক করেন তিনি।