ভিকি জেনের প্রযোজনা সংস্থায় যোগ দিলেন টাইগার, নির্দেশনায় রিমো

ভারতীয় প্রযোজক ও ব্যবসায়ী ভিকি জেন নিজের জন্মদিনে 'ভিজে ফ্রেমস' নামের একটি নতুন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটিয়েছেন। বড় মাপের বাণিজ্যিক সিনেমা নির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা এই ব্যানারের প্রথম কাজ হতে যাচ্ছে একটি অ্যাকশনধর্মী ফ্র্যাঞ্চাইজি ছবি।
প্রযোজনা সংস্থাটির প্রথম এই ছবিটি পরিচালনা করবেন খ্যাতনামা পরিচালক রিমো ডি'সুজা। এতে কেন্দ্রীয় বিভিন্ন চরিত্রে দেখা যাবে টাইগার শ্রফ, অভিষেক ব্যানার্জি এবং এলভিশ যাদবকে। ভিকি জেন ও রিমো ডি'সুজার যৌথ পরিকল্পনায় তৈরি এই ছবিতে হাই-অক্টেন অ্যাকশনের পাশাপাশি নাটকীয় কাহিনি ফুটিয়ে তোলা হবে।
'বিগ বস ১৭'-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া ভিকি জেন এই ছবির মাধ্যমে চিত্রপ্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন। অভিনেতা টাইগার শ্রফকে সম্প্রতি 'বাঘি ৪' ছবিতে দেখা গেছে। অন্য অভিনেতা অভিষেক ব্যানার্জির সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে 'থাম্মা' ও 'টোস্টার'। এছাড়া পরিচালক রিমো ডি'সুজা সর্বশেষ অভিষেক বচ্চন অভিনীত 'বি হ্যাপি' সিনেমাটি পরিচালনা করেছিলেন।
নতুন সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ভিকি জেন জানান, চলচ্চিত্র প্রযোজনা সংস্থা চালু করা তাঁর বহুদিনের স্বপ্ন ছিল এবং দারুণ এক শিল্পীদল ও পরিচালকের সঙ্গে এই উদ্যোগ শুরু করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। পরিচালক রিমো ডি'সুজাও নতুন এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন।