আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন রণতরির সেনাদের মধ্যে আত্মহত্যার ঝুঁকি

১৫ আগস্ট ২০২৬
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন রণতরির সেনাদের মধ্যে আত্মহত্যার ঝুঁকি
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন রণতরি আব্রাহাম লিংকনের নাবিকদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ও আত্মহত্যার ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়েছেন পরিজনেরা।

মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনের সময়সীমা নির্দিষ্ট না থাকায় মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নাবিক ও সেনাদের মানসিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। দীর্ঘমেয়াদি অনিশ্চয়তার কারণে ৫ হাজার সেনার ওই দলের মধ্যে আত্মহত্যার ঝুঁকি তৈরি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁদের স্বজন ও সহকর্মীরা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে আয়োজিত এক উত্তপ্ত বৈঠকে এ নিয়ে মার্কিন নৌবাহিনীর শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। প্রায় ২০০ জনের উপস্থিতিতে হওয়া ওই টাউন হল সভায় নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি হাং কাওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের দিনই এক নাবিক তাঁর স্ত্রীকে বার্তা পাঠিয়ে জানান, তিনি আশা করেন আগামীকাল যেন তাঁর আর ঘুম না ভাঙে। সভায় এক নাবিকের স্ত্রী কর্মকর্তাদের সামনে এই আবেগঘন বার্তার বিষয়টি তুলে ধরেন। নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সুনির্দিষ্ট বক্তব্যের সরাসরি কোনো জবাব দেননি।

তবে নাবিকদের সহযোগিতায় জাহাজে চিকিৎসক, ধর্মীয় শিক্ষক ও মানসিক স্বাস্থ্যকর্মী নিয়োজিত রয়েছেন বলে জানান নৌবাহিনীর কর্মকর্তারা। একই সঙ্গে পরিস্থিতি সামলাতে ওই যুদ্ধজাহাজে আরও মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞ পাঠানোর কাজ চলছে বলে আশ্বস্ত করা হয়।

আমেরিকামার্কিন নৌবাহিনীইউএসএস আব্রাহাম লিংকনমানসিক স্বাস্থ্যইরান