ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, মূল অভিযুক্ত গ্রেফতার

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় দোকানে প্রবেশ করে রাব্বী (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল খালেককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সাহায্যে তাকে আটক করে র্যাব-১৪।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মো. শামসুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার খালেক হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানায় র্যাব। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের ধরতেও তাদের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাসকান্দা আঞ্চলিক পাসপোর্ট অফিস সড়কের একটি দোকানে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্তরা। এলোপাতাড়ি কোপে রাব্বী ও তার ভাই রিয়াদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন।
এই নির্মম হত্যাকাণ্ডের পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িঘরে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।