মস্কোর রেস্তোরাঁয় বোমা হামলাকে 'সন্ত্রাসী হামলা' বললেন মেয়র

রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলের একটি অভিজাত ইতালীয় রেস্তোরাঁয় শনিবার সন্ধ্যায় এক ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে ‘বর্বর সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন। তবে এই হামলার পেছনে ঠিক কারা জড়িত, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে কিছু জানাননি।
রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কুদ্রিনস্কায়া স্কয়ারের ‘বালজি রসি’ নামক রেস্তোরাঁটিতে বিস্ফোরণে নারী হামলাকারীসহ মোট ৩ জন প্রাণ হারিয়েছেন। দেশটির ন্যাশনাল অ্যান্টি-টেররিজম কমিটি জানিয়েছে, এই হামলায় অন্তত ২১ জন আহত হয়েছেন, যাদের চিকিৎসার জন্য শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য রেস্তোরাঁটি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ ছিল।
তদন্তকারী সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এক নারী বোমাসহ রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করেছিলেন। কিন্তু প্রবেশদ্বারে নিরাপত্তারক্ষী তাকে আটকে দিলে বাইরেই বোমাটির বিস্ফোরণ ঘটে। রবিবারের দুপুর পর্যন্ত রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন কোনো তথ্য দেওয়া হয়নি এবং ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর থেকে মস্কোয় একাধিক সামরিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে রবিবারের এই হামলার সাথে পূর্বের ঘটনাগুলোর বা ইউক্রেন যুদ্ধের কোনো প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট করেনি মস্কো পুলিশ।