বিনোদন

মহাত্মা গান্ধীর চরিত্রে প্রথমবার মনোজ বাজপেয়ী, প্রকাশ্যে ছবির কাহিনি

২০ আগস্ট ২০২৬
মহাত্মা গান্ধীর চরিত্রে প্রথমবার মনোজ বাজপেয়ী, প্রকাশ্যে ছবির কাহিনি
মহাত্মা গান্ধীর জীবনের অজানা অধ্যায় নিয়ে তৈরি চলচ্চিত্রে প্রথমবার গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন মনোজ বাজপেয়ী।

ভারতের স্বাধীনতার সময় মহাত্মা গান্ধীর জীবনের একটি অজানা অধ্যায় নিয়ে তৈরি হচ্ছে নতুন চলচ্চিত্র। সুধীর মিশ্র পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো গান্ধীর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সম্প্রতি সিনেমাটির গল্প এবং নতুন কলাকুশলীদের তথ্য প্রকাশ করা হয়েছে। ছবিটিতে যুক্ত হয়েছেন অভিনেতা সৌরভ শুক্লা। অনুভব সিনহার বেনারস মিডিয়াওয়ার্কসের পাশাপাশি এটি প্রযোজনা করছেন নরেন্দ্র হিরাওয়াত এবং পরিবেশনায় রয়েছে এনএইচ স্টুডিওজ।

পরিচালক সুধীর মিশ্র জানান, সিনেমাটির মূল বিষয়বস্তু ভারতের স্বাধীনতার সময় মহাত্মা গান্ধীর জীবনের ২১ দিন। দেশ যখন স্বাধীন হচ্ছিল এবং দিল্লি ক্ষমতার কেন্দ্রে পরিণত হচ্ছিল, তখন গান্ধী সেখান থেকে দূরে সরে যাওয়ার এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের পেছনের ব্যক্তিগত পথচলা এবং নিজেকে নতুন করে চেনার গল্পই ফুটে উঠবে এই চলচ্চিত্রে।

তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুধীর মিশ্র চার দশক ধরে হিন্দি সিনেমায় কাজ করছেন। ২০২৩ সালের 'আফওয়াহ' সিনেমা মুক্তির পর আবার প্রেক্ষাগৃহে ফিরছেন তিনি। অন্যদিকে, হাঁসল মেহতাও গান্ধীকে নিয়ে একটি আলাদা সিরিজ নির্মাণ করছেন, যাতে মুখ্য ভূমিকায় আছেন প্রতীক গান্ধী এবং সঙ্গীত পরিচালনায় রয়েছেন এ আর রহমান।

মনোজ বাজপেয়ীসুধীর মিশ্রমহাত্মা গান্ধীবলিউডচলচ্চিত্র