মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

কক্সবাজারের মহেশখালী এলাকায় সংরক্ষিত বনভূমির মধ্য দিয়ে সড়ক নির্মাণের সব ধরনের কাজ দুই মাসের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-র করা একটি জনস্বার্থমূলক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের গঠিত বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এই আদেশ দেন।
পরিবেশ মন্ত্রণালয় এবং বন অধিদপ্তরের আপত্তি থাকা সত্ত্বেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ‘দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের’ আওতায় ৪ দশমিক ৮৮০ কিলোমিটার দীর্ঘ একটি সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেয়। যার মধ্যে ৩ দশমিক ৭০ কিলোমিটার পড়েছে সংরক্ষিত পাহাড় মৌজার বনভূমির ভেতরে।
সংরক্ষিত বনের অসংখ্য গাছপালা ও পাহাড় কেটে ওই সড়ক তৈরি অব্যাহত রাখা হলে জনস্বার্থে গত মাসে রিটটি করে বেলা। রিটের শুনানি শেষে উচ্চ আদালত মহেশখালীর বনের ভেতরে সড়ক নির্মাণের কার্যক্রমের ওপর এই সাময়িক নিষেধাজ্ঞা প্রদান করেন।