জাতীয়

মাগুরায় ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় শিবিরের নেতারা

৮ আগস্ট ২০২৬
মাগুরায় ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় শিবিরের নেতারা
মাগুরার শ্রীপুরে সিরাত প্রতিযোগিতার পোস্টার লাগানো নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ। ধাওয়া খেয়ে শিবিরের নেতা-কর্মীরা থানায় আশ্রয় নিয়েছেন।

মাগুরার শ্রীপুরে ছাত্র রাজনৈতিক দুই দলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। শ্রীপুর সরকারি কলেজের সামনে সিরাত প্রতিযোগিতার প্রচারণামূলক পোস্টার লাগানোর সময় ছাত্রদলের নেতা-কর্মীদের বাধার অভিযোগ তুলেছেন ছাত্রশিবিরের নেতারা। একপর্যায়ে ধাওয়া খেয়ে শিবিরের নেতা-কর্মীরা থানায় আশ্রয় নেন।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ছাত্রশিবিরের কর্মীরা অভিযোগ করেন, কলেজের সামনে পোস্টার লাগানোর সময় ছাত্রদলের শ্রীপুর সরকারি কলেজ শাখার সভাপতি মেহেদী হাসান অন্তর বাধা দিয়ে গালিগালাজ করেন। এছাড়া পোস্টার ছিঁড়ে ফেলা এবং একজনের মোবাইলফোন নিয়ে নেওয়ারও অভিযোগ করেন তারা।

শ্রীপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রিফাত জানান, ওসি ওলি মিয়াকে বিষয়টি জানালে তিনি থানায় দেখা করতে বলেন। থানায় না পেয়ে তারা আবার পোস্টার লাগাতে আসছিলেন। এসময় ছাত্রদলের কর্মীরা রামদা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আতঙ্কে তারা থানায় আশ্রয় নিয়েছেন এবং বের হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান অন্তর অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তিনি শুধু প্রধান ফটকে না লাগিয়ে অন্য জায়গায় পোস্টার লাগানোর অনুরোধ করেছিলেন। কোনো গালাগালি বা পোস্টার ছিঁড়ার ঘটনা হয়নি এবং ধাওয়ার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পোস্টার লাগানো কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে।

মাগুরাছাত্রদলছাত্রশিবিরশ্রীপুরসংঘর্ষ