মাগুরায় ৩ বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিয়ম অমান্য ও অপরিচ্ছন্ন পরিবেশে সেবা দেওয়ায় মাগুরার তিনটি বেসরকারি ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মাগুরা শহরের তিনটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে নিয়ম লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানগুলোকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও জেলা সিভিল সার্জন মো. শামীম কবিরের নেতৃত্বে এই যৌথ তদারকি চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত শহরের সাইন্স ল্যাব হাসপাতাল, ইবনে সিনা ক্লিনিক এবং পলি ক্লিনিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোতে বৈধ লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে সেবা দেওয়া এবং স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ক্লিনিকগুলোকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।