রাজনীতি

মাদক-নারীকাণ্ড ও জুয়া অভিযোগে যুবদল নেতার পদ স্থগিত

২ আগস্ট ২০২৬
মাদক-নারীকাণ্ড ও জুয়া অভিযোগে যুবদল নেতার পদ স্থগিত
জুয়া, মাদক ও নারী সংক্রান্ত অভিযোগে জামালপুরের এক যুবদল নেতার দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।

জুয়া, মাদক ও নারী সংক্রান্ত নানা অভিযোগের পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ স্থগিত করেছে জেলা যুবদল।

রোববার (২ আগস্ট) জেলা যুবদলের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নীতি, আদর্শ ও সাংগঠনিক সংহতির পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শাহানুর রহমান পলাশের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।

জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বে) মো. আতিকুর রহমান লিটনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব এবং সদস্য সচিব সোহেল রানা খানের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পদ স্থগিত হওয়ার পর শাহানুর রহমান পলাশের কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বহন করবে না। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহানুর রহমান পলাশের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে জুয়া, মাদক ও নারী-সংক্রান্ত নানা অভিযোগ ওঠে। এছাড়া তার বিরুদ্ধে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা বিচারাধীন। গত ১৭ জুলাই ইসলামপুরে এক নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় তাকে এক নম্বর আসামি করা হয়েছে। পদ হারানো যুবদল নেতা শাহানুর রহমান পলাশের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

যুবদলশাহানুর রহমান পলাশপদ স্থগিতজামালপুরঅভিযোগ