আন্তর্জাতিক

মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদ ও আতেফ নাজিবের মৃত্যুদণ্ড

১১ আগস্ট ২০২৬
সিরিয়ার গৃহযুদ্ধকালীন পরিকল্পিত হত্যা ও নির্যাতনের দায়ে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও দারা প্রদেশের সাবেক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সিরিয়ার গৃহযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদ এবং দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তাবিষয়ক সাবেক প্রধান আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দামেস্কের ফৌজদারি আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করে।

আদালতের বিচারক বাশার আল–আসাদকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ডের’ দায়ে দোষী সাব্যস্ত করেন। অন্যদিকে আতেফ নাজিবকে পরিকল্পিত ‘হত্যাকাণ্ড ও নির্যাতনের’ দায়ে দোষী ঘোষণা করা হয়। আদালতের মতে, ২০১১ সালে দারা প্রদেশে বাশার আল–আসাদ সরকারের সংঘটিত অপরাধগুলো মানবতাবিরোধী অপরাধের শ্রেণিতে পড়ে।

উল্লেখ্য, সিরিয়ার ইসলামপন্থী নেতা ও বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল–শারার নেতৃত্বে বিদ্রোহীরা বাশার আল–আসাদ সরকারকে উচ্ছেদ করার সময় তিনি রাশিয়ায় পালিয়ে যান। তিনি এখনো সেখানে অবস্থান করছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান ঘটে। ২০১১ সালের আরব বসন্তের পর শুরু হওয়া গৃহযুদ্ধে প্রায় ৬ লাখের বেশি মানুষ নিহত ও ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হন।

সিরিয়াবাশার আল-আসাদমৃত্যুদণ্ডমানবতাবিরোধী অপরাধদামেস্ক