মার্কিন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশে নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে তিনি বিদেশি উদ্যোক্তাদের জন্য পূর্ণ সরকারি সহযোগিতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার করেছেন।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ জন প্রতিনিধি সমন্বয়ে গঠিত একটি দলের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সাক্ষাৎ করতে আসা প্রতিনিধিদলের যৌথ নেতৃত্বে ছিলেন এক্সিলারেট এনার্জির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি সাবেক রাষ্ট্রদূত অতুল কেশপ।
বৈঠকে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, অন্তর্বর্তী ছয় মাসের এই দূরদর্শী সরকার মার্কিন পুঁজি ও ব্যবসা প্রসারে আন্তরিক। তিনি দেশের স্বার্থে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ, উন্নত প্রযুক্তি, দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে স্বাগত জানান।