মালয়েশিয়ায় নিজেদের মধ্যে সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার পোর্ট ডিকসনে বাংলাদেশি প্রবাসীদের নিজেদের মধ্যে সংঘাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন।
মালয়েশিয়ার পোর্ট ডিকসনের তামান লিঙ্গি এলাকায় প্রবাসী বাংলাদেশিদের নিজেদের মধ্যে মারামারিতে তিনজনের মৃত্যু হয়েছে। গত সোমবার স্থানীয় সময় বিকেল সোয়া চারটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নেগ্রি সেম্বিলানের পুলিশ প্রধান ও বিভাগীয় কমিশনার (ডিসিপি) আলজাফনি আহমেদ খবরটি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা আলজাফনি জানান, তামান লিঙ্গির এক বাসায় প্রবাসীদের একটি দল হাতাহাতিতে জড়িয়ে পড়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় হত্যাকাণ্ডে যুক্ত থাকার সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
সংঘর্ষের ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য স্থানীয় রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।