মিরপুরে প্রাইভেট কার থেকে গুলি, বিএনপি নেতা ও নারী আহত
রাজধানীর মিরপুর ১১ নম্বরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আলমগীর হোসেনসহ দুজন আহত হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের বিএনপি সদস্য আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেলে মিরপুর ১১ নম্বর সেকশনের ‘বি’ ব্লকের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আলমগীর। এ সময় একটি প্রাইভেট কার থেকে নেমে চার সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি চালায়। আলমগীরের মাথা ও পিঠে তিনটি গুলি লাগে। গুলিতে পায়ে আহত হন স্থানীয় বাসিন্দা জোসনা (৬৫)। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলমগীর জানান, হামলাকারী দুজনকে তিনি চিনতে পেরেছেন। তাঁরা হলেন যুবলীগের রুবেল ও বাপ্পী। পুলিশের একটি সংস্থার তথ্য অনুযায়ী, মাদক ব্যবসায় শত্রুতাকে কেন্দ্র করে ল্যাংড়া রুবেলের বাহিনী এই হামলা চালিয়ে থাকতে পারে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে তদন্ত চলছে বলে জানান।