মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে জাপা একাংশের অভিনন্দন

বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার নেতৃত্বাধীন একাংশ। ফখরুলের মতো পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য রাজনীতিককে এই পদের জন্য বেছে নেওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দেয় বলে মন্তব্য করেছেন তাঁরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এ অভিনন্দন জানান। একই সঙ্গে মির্জা ফখরুলকে মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
জাপার এই দুই শীর্ষ নেতা আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল রাষ্ট্রপতির দায়িত্ব পেলে তা দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাকে আরও বেগবান করবে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে ব্যক্তিগত সততা বজায় রাখা এবং প্রতিপক্ষের প্রতি সৌজন্য দেখানোর মাধ্যমে তিনি একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও উল্লেখ করেন তাঁরা।
বিবৃতিতে আরও বলা হয়, মির্জা ফখরুলের দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি তাঁর প্রজ্ঞা, সংযম ও গণতান্ত্রিক চেতনা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে আসবে। তিনি রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের সব শ্রেণির মানুষের আস্থা অর্জনে সক্ষম হবেন।