মিশিগানের ডেমোক্রেটিক প্রাইমারিতে বামপন্থী এল-সায়েদের জয়

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রাইমারি নির্বাচনে জয় পেয়েছেন বামপন্থী নেতা আব্দুল এল-সায়েদ। সিবিএস নিউজের তথ্যমতে, প্রগতিশীল ধারার এই সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা চার মেয়াদের মধ্যপন্থী কংগ্রেস সদস্য হেলি স্টিভেন্সকে পরাজিত করেছেন। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী মাইক রজার্সের মুখোমুখি হবেন।
মিশরীয় অভিবাসীর সন্তান এল-সায়েদ নভেম্বরের মূল নির্বাচনে জয়ী হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম মুসলিম সিনেটর। সর্বজনীন স্বাস্থ্যসেবা চালু, অভিবাসন সংস্থা আইসিই বিলুপ্তকরণ এবং ইসরায়েলে অনিয়ন্ত্রিত মার্কিন সামরিক সহায়তা বন্ধের মতো প্রগতিশীল নীতির পক্ষে তার শক্ত অবস্থান রয়েছে। এই নির্বাচনী লড়াইয়ে তিনি বার্নি স্যান্ডার্স এবং আলেকজান্দ্রিয়া ওকাতেও-কোর্তেসের মতো প্রভাবশালী বামপন্থী নেতাদের সমর্থন পেয়েছিলেন।
অন্যদিকে পরাজিত প্রার্থী হেলি স্টিভেন্স ইসরায়েলে শর্তহীন মার্কিন সাহায্য বজায় রাখার পক্ষে ছিলেন। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার ও বিদায়ী সিনেটর গ্যারি পিটার্সের সমর্থন পেলেও শেষ পর্যন্ত তিনি জিততে পারেননি। তবে ফলাফল ঘোষণার পর স্টিভেন্স বিজয়ী এল-সায়েদকে অভিনন্দন জানিয়েছেন এবং রিপাবলিকান প্রার্থীর বিরুদ্ধে চূড়ান্ত নির্বাচনে তাকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
নভেম্বরের এই মধ্যবর্তী নির্বাচন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করবে। প্রাইমারির এই ফলাফলকে রিপাবলিকান পার্টির জন্য শুভসংবাদ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ১৯৯৪ সালের পর থেকে মিশিগানে কোনো রিপাবলিকান সিনেটর নির্বাচিত না হলেও প্রেসিডেন্ট নির্বাচনে অঙ্গরাজ্যটি একটি গুরুত্বপূর্ণ 'সুইং স্টেট' হিসেবে পরিচিত।