মেডিকেল পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই অ্যাথলেটের পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় স্তরের দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায় মেডিকেল পরীক্ষায় পুরুষ প্রমাণিত হয়েছেন। এর জেরে তাঁদের অর্জিত সমস্ত পদক কেড়ে নিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সাথে তাঁদের খেলাধুলা থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছে।
সংস্থার সাধারণ সম্পাদক আলী ইমাম তপন এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের দেওয়া তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে ওই দুই ক্রীড়াবিদ নারী নন। ফলে নীতিমালার আলোকে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মেডিকেল বোর্ডের গত ১৬ মে-র প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী জান্নাতের শরীরে পুরুষ হরমোন টেস্টোস্টেরনের মাত্রা ছিল ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের নির্ধারিত সীমার প্রায় ৮ গুণ বা প্রতি লিটারে ১৯.৬৬ এনমোল। অন্যদিকে ১৯ বছর বয়সী কবিতার শরীরে এই হরমোনের পরিমাণ পাওয়া যায় অনুমোদিত সীমার প্রায় সাড়ে ৬ গুণ বা প্রতি লিটারে ১৬.৫০ এনমোল। ওই রিপোর্টের ভিত্তিতেই আজ ফেডারেশন এই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।