মোদীর প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি ককরোচ জনতা পার্টির

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে বলেছেন, নরেন্দ্র মোদী ইনফ্লুয়েন্সার হিসেবে দারুণ কাজ করছেন। এই কারণেই তার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে আসা উচিত বলে মনে করেন তিনি।
বুধবার (২৯ জুলাই) মহারাষ্ট্রে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। হিন্দুস্তান টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। দীপকে প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, মোদী ইনফ্লুয়েন্সার হিসেবে বেশ ভালোই পারফর্ম করছেন।
তিনি আরও যুক্তি দেন যে, যদি মোদী এতটাই ভালো ইনফ্লুয়েন্সার হন, তবে তার প্রধানমন্ত্রীর দায়িত্ব অন্য কারও হাতে তুলে দেওয়া উচিত। একই দিনে কংগ্রেসের এমপি প্রিয়াঙ্কা গান্ধীও মোদীর সামাজিক যোগাযোগমাধ্যমের কৌশল নিয়ে মন্তব্য করেন। তিনি জানান, নতুন কোণ থেকে ভিডিও তৈরি করলেই তরুণ ভোটারদের আকৃষ্ট করা সম্ভব নয়, বরং মনোভাব পরিবর্তন প্রয়োজন।
এছাড়া প্রশ্নফাঁস নিরোধী আইন নিয়েও মন্তব্য করেন অভিজিৎ দীপকে। তিনি বলেন, আইন তৈরি হওয়াটা স্বাভাবিক, কিন্তু লক্ষ্য সঠিক না হলে পরিবর্তন আসবে না। তিনি উল্লেখ করেন, দেশে ইতিমধ্যে অনেক ভালো আইন রয়েছে এবং নতুন আইন তৈরি হতেই থাকে।