মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মী নিহত
রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে পানি দেওয়ার সময় তৃতীয় তলা থেকে পড়ে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউন এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. শুরুজ শেখ (৪০) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শুরুজ শেখ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজুয়ার টেক গ্রামের মৃত বাদরী শেখের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ১০ তলা ভবনটিতেই থাকতেন।
সহকর্মী সোহেল রানা জানান, ভবনে পানি দেওয়ার সময় তৃতীয় তলা থেকে শুরুজ পড়ে যান এবং গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।