জাতীয়

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

৯ আগস্ট ২০২৬
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে অবৈধভাবে ভারতের ভেতরে ঢোকার সময় বিএসএফের গুলিতে তারা মিয়া নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মাগুরুলি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া (২০) একই উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার আবদুল মালেকের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চার থেকে পাঁচজন বাংলাদেশি চোরাকারবারি অবৈধভাবে মাগুরুলি সীমান্ত দিয়ে ভারতের ৫০০ গজ ভেতরে ঢুকে পড়েন।

এ সময় বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের মাগুরুলি ক্যাম্পের টহল দল গুলি চালালে তারা মিয়া ঘটনাস্থলেই মারা যান। তাঁর সহযোগীরা পালিয়ে বাংলাদেশে চলে আসেন। শ্রীমঙ্গলে অবস্থিত ওই ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, নিহত তারা মিয়া চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁর স্বজনরাও বিষয়টি স্বীকার করেছেন।

কমান্ডার জানান, চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে নিহতের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রয়েছে। বর্তমানে বিএসএফ তাঁর লাশ নিয়ে গেছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করবে। এর আগে চলতি বছরের ১২ জুন একই উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মুজিব আলী নামের আরও এক তরুণ নিহত হন।

মৌলভীবাজারসীমান্তবিএসএফচোরাকারবারনিহত