মৌলভীবাজারে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে খোকন পাত্র (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত খোকন পাত্র শমশেরনগর চা বাগানের নারায়ণ টিলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম কমল পাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে খোকন পাত্র বাড়ির বাইরে মদপান করে অসুস্থ অবস্থায় বাড়িতে ফেরেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে স্বজনরা তাকে সিলেটে নিতে অপারগতা প্রকাশ করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা শুরু করেন।
চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে খোকন পাত্রের মৃত্যু হয়। শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াকুব আলী বলেন, খোকন পাত্র অতিরিক্ত মদপানের পর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রুহুল আমীন অতিরিক্ত মদপানে শমশেরনগর চা বাগানের খোকন পাত্র নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।