ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্ব এনটিআরসিএর কাছ থেকে পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার গুঞ্জনের মুখে অবস্থান পরিষ্কার করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়ে জানান, এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি।
শিক্ষা মন্ত্রণালয়ের ৩ আগস্টের একটি সভার কার্যবিবরণী ছড়িয়ে পড়ার পর এই বিতর্কের সৃষ্টি হয়। নথিতে উল্লেখ ছিল, ২০০৫ সালের মূল আইন অনুযায়ী এনটিআরসিএ কেবল শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন সম্পন্ন করবে এবং পরিচালনা পর্ষদ পূর্বের মতো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। এর ওপর ভিত্তি করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগপ্রার্থী ও বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল বিরোধিতা শুরু করে।
জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী ছাত্র আন্দোলন এবং ছাত্রপক্ষ সহ একাধিক রাজনৈতিক ও ছাত্র সংগঠন আশঙ্কা প্রকাশ করে জানায়, পরিচালনা পর্ষদের হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরে গেলে স্বজনপ্রীতি, দলীয়করণ ও ঘুষ-বাণিজ্য আবার সক্রিয় হয়ে উঠবে। সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে জাতীয় ছাত্রশক্তি।
পরিস্থিতি পর্যালোচনায় ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্রসংগঠন ছাত্রদলের নেতারা ফেসবুকে সবাইকে অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ জানান। পরবর্তীতে রাত ৯টার দিকে শিক্ষ মন্ত্রীর ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়, শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে ছড়ানো তথ্যটি সত্যি নয় এবং শীঘ্রই বস্তুনিষ্ঠ বিষয় পরিষ্কার করা হবে।