যাত্রাবাড়ীতে বাস থেকে উদ্ধার ১ লাখ ফেনসিডিল, আটক ১

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটককৃত ব্যক্তি হলেন সাতক্ষীরা থেকে ছেড়ে আসা সোহাগ এক্সপ্রেস পরিবহনের বাসে যাত্রী হিসেবে থাকা জাহিদুল ইসলাম (৫১)।
শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বাসটি যাত্রাবাড়ীর মেয়র হানিফ উড়াল সড়কে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কোতোয়ালি সার্কেলের একটি দল সেখানে অভিযান চালায়। ডি-৯ আসনে বসা জাহিদুলের সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযানে ১০০ বোতল ফেনসিডিলের পাশাপাশি নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। সংশ্লিষ্টরা জানান, উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
ডিএনসি জানিয়েছে, জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে।