যাত্রাবাড়ীতে রিকশাভ্যানের চাপায় ২ বছর বয়সী শিশুর মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় রিকশাভ্যানের চাপায় দুই বছর বয়সী জোনায়েদ হোসেন নামের এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী মো. আজিম উদ্দিন জানান, কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় ভাড়া বাসার সামনে জোনায়েদ খেলছিল। পরে সে রাস্তায় চলে আসলে মালবোঝাই রিকশাভ্যানের একটি চাকা তার ওপর দিয়ে উঠে যায়। এতে শিশুটি আহত হয়।
আহত শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা পৌনে একটার দিকে চিকিৎসক জোনায়েদকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত জোনায়েদ হোসেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন পাটওয়ারীর হাট গ্রামের অটোরিকশাচালক জামির হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে সে যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।