বিনোদন

যানজটে দেরি পরীমনির, মামলায় জেরার নতুন তারিখ ৩০ নভেম্বর

৯ আগস্ট ২০২৬
যানজটে দেরি পরীমনির, মামলায় জেরার নতুন তারিখ ৩০ নভেম্বর
সড়কে তীব্র যানজটে আটকে সময়মতো আদালতে পৌঁছাতে না পারায় চিত্রনায়িকা পরীমনিকে জেরার প্রক্রিয়া পিছিয়ে আগামী ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বোট ক্লাবে নির্যাতন ও শ্লীলতাহানির মামলায় চিত্রনায়িকা পরীমনিকে জেরার নতুন দিন নির্ধারণ করেছেন আদালত। রোববার নির্ধারিত সময়ে তিনি হাজির হতে না পারায় আগামী ৩০ নভেম্বর পরবর্তী তারিখ ঠিক করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া।

অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে হাজির হতে তাঁর মক্কেল দুপুর ১২টার দিকে রওনা হয়েছিলেন। কিন্তু পথিমধ্যে তীব্র যানজটে আটকা পড়ায় সময়মতো পৌঁছানো সম্ভব হয়নি। পরে দুপুর আড়াইটার দিকে তিনি আদালত প্রাঙ্গণে এসে পৌঁছান।

মামলার তথ্যসূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ জুন ছয়জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলাটি করেছিলেন পরীমনি। তদন্ত শেষে একই বছরের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শাহ শহিদুল আলম—এই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরবর্তীতে ২০২২ সালের ১৮ মে এই তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়।

পরী মনিআদালতবোট ক্লাব মামলাযানজট