যুক্তরাজ্যে ট্রেন লাইনচ্যুত, ২ জন গুরুতরসহ আহত ১১

যুক্তরাজ্যের ইস্ট সাসেক্সে সাদার্ন রেলওয়ের একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকি ৯ জন সামান্য আহত হওয়ায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ও ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে ভিক্টোরিয়া থেকে ইস্টবোর্নগামী ট্রেনটি হেওয়ার্ডস হিথ ও লিউসের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনায় পড়ে।
আটটি বগির ট্রেনটির অন্তত তিনটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে। খবর পেয়েই জরুরি সেবা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পুলিশ জানিয়েছে, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটিকে একটি বড় দুর্ঘটনা বা 'মেজর ইনসিডেন্ট' হিসেবে ঘোষণা করেছে।
যুক্তরাজ্যের রেল দুর্ঘটনা তদন্ত শাখা (আরএআইবি) ইতিমধ্যেই কীভাবে এই বিপর্যয় ঘটল তা অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর বেশ কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে এবং গ্যাটউইক বিমানবন্দরগামী যাত্রীদের অন্তত ১৫০ মিনিট অতিরিক্ত সময় হাতে রেখে রওনা হতে বলা হয়েছে।