যুক্তরাজ্যের নাইটহুড সম্মানে ভূষিত টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন

ভারত ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্কের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সম্মাননা 'দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার' (ডিবিই/কেবিই) প্রদান করা হয়েছে। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তাঁকে এই সম্মাননায় ভূষিত করেন।
এই স্বীকৃতি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় চন্দ্রশেখরন জানান, রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে এই সম্মান পেয়ে তিনি অত্যন্ত কৃতজ্ঞ ও অভিভূত। প্রযুক্তি, ভোক্তা পণ্য, আতিথেয়তা, ইস্পাত, রাসায়নিক এবং অটোমোটিভসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের সাথে শক্তিশালী কৌশলগত সম্পর্ক বজায় রাখতে পেরে টাটা গ্রুপ গর্বিত।
চন্দ্রশেখরন উল্লেখ করেন, যুক্তরাজ্যে টাটা গ্রুপের মালিকানাধীন 'জাগুয়ার ল্যান্ড রোভার' ও 'টেটলি'-র মতো বিখ্যাত ব্র্যান্ড পরিচালিত হচ্ছে। দেশটিতে বর্তমানে ৭০ হাজারের বেশি কর্মী টাটা গ্রুপে কর্মরত। এছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিক্স, ওয়ারউইক বিশ্ববিদ্যালয় এবং সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে টাটা গ্রুপের অ্যাকাডেমিক ও গবেষণা অংশীদারিত্ব রয়েছে।
যুক্তরাজ্য সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতে সেখানে টাটা গ্রুপের উপস্থিতি আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে এন চন্দ্রশেখরন টাটা সানসের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াবেন।